খাগড়াছড়িতে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হেমন্ত চাকমা নামে ওই ট্যাগ অফিসারকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন কয়েকজন যুবক।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে জেলা শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।
জানা গেছে, খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল বিক্রি শুরু হয়। জনপ্রতি ৫০০ টাকার করে অকটেন বিক্রি করা হলেও কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন নেওয়ার দাবি করেন। এ সময় ট্যাগ অফিসার অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।
পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে পিটিয়ে হাত ভেঙে দেন। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।