Image description

অনলাইনে ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীদের চরিত্র হননের যে চক্রান্ত চলছে, তা রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম।

শুক্রবার (৩ এপ্রিল) বরিশালের চরমোনাই মাহফিলে আগত ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ ও মহানগর নেতৃবৃন্দের যৌথ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তেলসংকটের মতো খোঁড়া অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে বাধ্য করা হচ্ছে, যা তাদের নৈতিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসতে হবে।

মহানগর দক্ষিণের সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নগর দক্ষিণের সহসভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, মাওলানা কেএম শরীয়ত উল্লাহসহ বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ অনলাইন শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।