ইরানের মধ্য অঞ্চলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত ওই বিমানটির কিছু ছবি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
শুক্রবার (৩ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তাসনিম নিউজ এমন কিছু ছবি সংগ্রহ করেছে যা প্রমাণ করে বিমানটি মার্কিন বিমানবাহিনীর। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ভূপাতিত বিমানটি ‘এফ-৩৫’ মডেলের। ধ্বংসাবশেষের গায়ে থাকা চিহ্নগুলো বিমানটিকে ‘ইউএস ইউরোপীয় কমান্ড’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রমাণ করে।
উল্লেখ্য, ইউএস ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬-সহ বিভিন্ন ধরনের উন্নত যুদ্ধবিমান পরিচালনা করে থাকে।
তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, ভূপাতিত এই যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত। এই স্কোয়াড্রনটি ইরানের বিরুদ্ধে অপারেশনের জন্য বর্তমানে সেন্টকম মিশন এলাকায় মোতায়েন রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।