মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান সংঘাত দ্রুত বড় আকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
গুতেরেস আরও বলেন, “মানুষ ইতিমধ্যেই জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালী সংকুচিত হয়, বিশ্বের দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বেশি ভুগবে।” তিনি শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা করার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামো রক্ষার গুরুত্বও তুলে ধরেন।
মহাসচিব বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা স্পষ্ট: এখনই যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।”