Image description

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহর ব্যবহৃত সরকারি গাড়িতে অতিরিক্ত জ্বালানি তেল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও করতে গিয়ে বাধার মুখে পড়েছেন এক সংবাদকর্মী।

সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে কালুখালী উপজেলার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সরকারি ওই গাড়ির ট্যাংক তেলে পূর্ণ করা হয়। এরপরও আলাদাভাবে বোতলে প্রায় ৩০ লিটার জ্বালানি নেওয়া হচ্ছিল বলে উপস্থিতরা দাবি করেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় ঘটনাস্থলে থাকা এক সংবাদকর্মী ভিডিও ধারণ শুরু করেন।

ভিডিও ধারণের সময় এসিল্যান্ডের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই সংবাদকর্মীকে বাধা দেন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, ‘একজন ব্যক্তি পরিচয় না দিয়ে ভিডিও করছিলেন, তাই তাকে নিষেধ করা হয়েছে। দাপ্তরিক প্রয়োজনেই অতিরিক্ত জ্বালানি নেওয়া হয়েছে।’