এবারের ঈদযাত্রা স্বস্তিমূলক ছিল বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর এমপি সাইফুল আলম মিলন। মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?’
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল আলম মিলন বলেন, গত রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ঈদযাত্রা স্বস্তির ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে, আর যাত্রীকল্যাণ সমিতির তথ্যমতে এই সংখ্যা ৩৭০ জন। এরপর আমরা দেখলাম দৌলতদিয়ায় একটি বাস পানির নিচে চলে গেল। আমার প্রশ্ন হলো- আর কত মৃত্যু হলে মন্ত্রীর কাছে এই যাত্রা অস্বস্তিকর মনে হবে? দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে জামায়াতের এই এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল কিন্তু সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেখানে গেলেন না। যারা মারা গেছেন তাদের পরিবারকে মাত্র ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মানুষের জীবনের মূল্য কি মাত্র ২৫ হাজার টাকা? আহতদের জন্য দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা। তিনি আরও বলেন, আমরা ওয়েস্ট মিনস্টার সংসদীয় পদ্ধতি অনুসরণ করি। ব্রিটেন হলে এমন ঘটনায় তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পদত্যাগ করবেন কি না বা তিনি আদৌ পদত্যাগের চিন্তা করছেন কি না তা জাতি জানতে চায়।