Image description

সংসদ অধিবেশনে বক্তব্য রাখার জন্য দলের তরুণ ও মেধাবী ৪৫ জন সংসদ সদস্যকে সিলেকশন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এর মধ্যে বেশির ভাগই সাবেক ছাত্রনেতা। সংসদে বক্তব্য রাখার জন্য তাদের প্রশিক্ষণও দেয়া হবে। যাতে তারা মার্জিতভাবে এবং যুক্তিসঙ্গতভাবে তাদের বক্তব্য সংসদে উপস্থাপন করতে পারেন। এই ৪৫ জন সংসদ সদস্যকে নিয়ে গত শনিবার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিকে বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গেও কথা বলেছেন তারেক রহমান।

গত শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নয়াপল্টনে পৌঁছে দলের ৪৫ জন এমপিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সংসদ নেতা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার বেলকনিতে দাঁড়িয়ে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন তারেক রহমান।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনিসহ ৪৫ জন দলের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

নামপ্রকাশ না করার শর্তে বিএনপি’র ৩ জন সংসদ সদস্য মানবজমিনকে জানিয়েছেন, শনিবার সংসদ নেতা দলের ৪৫ জন্য এমপিকে নিয়ে নয়াপল্টনে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে মূলত সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। রোববার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি বৈঠক শুরু হয়েছে। এই অধিবেশনে বিরোধী দল ‘পয়েন্ট অব অর্ডার’ এ কথা বলবেন। এই প্রেক্ষিতে সরকারি দলের অবস্থান কি হবে, কারা বক্তব্য রাখবেন- সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্রটি জানান, সংসদ অধিবেশনে বক্তব্য রাখার জন্য ৪৫ জন ক্ষমতাসীন দলের এমপিকে সিলেকশন করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ছাত্রনেতা। বিএনপি’র প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্য এই ৪৫ এমপিকে প্রশিক্ষণ দেবেন। এরমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামসহ দলের সিনিয়র সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে থাকবেন বলে সূত্রটি জানায়।

বৈঠকে এমন ৪৫ জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল যারা সংসদে প্রতিশ্রুতিশীল এবং গুছিয়ে কথা বলতে পারবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, শাহাদাত হোসেন সেলিম, হুম্মাম কাদের চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, মোশাররফ হোসেন, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।

ক্ষমতাসীন দলের আরেক এমপি মানবজমিনকে জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয়েছে। কীভাবে এটাকে আইনসিদ্ধ করা যায়, সেটা সংসদে আলাপ-আলোচনার মধ্যদিয়ে চূড়ান্ত হবে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ছাড়া বলা হয়, গণভোটের বিষয়টি বর্তমান সংবিধানে নেই। আর সংবিধান সংশোধন করতে হলে আরেকটি গণভোট দিতে হবে বৈঠকে আলোচনা উঠেছে বলেও সূত্রটি জানায়।