Image description

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণ প্রবণতা বেড়ে যাওয়ায় সক্রিয় অপরাধ দমনে পুলিশ ও ডিবি যৌথভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান।

অভিযানে অংশ নেওয়া ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ঈদগাঁও-ঈদগড় সড়ক ও আশপাশের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে ডাকাতি ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ড্রোন ও জিপিএস প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন বিভিন্ন স্থানে নজরদারি চালানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সরাসরি পৌঁছানো কঠিন হওয়ায় প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সম্ভাব্য অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়েছে।

পুলিশ জানায়, ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিয়মিত ও আকস্মিক অভিযান চালানো হবে, যাতে এসব অপরাধচক্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়।

অভিযানে ঈদগাঁও ও রামু থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ সহযোগিতা করেন।

শীর্ষনিউজ