Image description

আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আসছে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

তিনি বলেন, এখন থেকে খেলাধুলাকে বাংলা ও ইংরেজির মতোই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হবে। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন তিনি।

 

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই তা বাস্তবায়ন শুরু হবে। প্রাথমিকভাবে সাতটি খেলাকে অন্তর্ভুক্ত করা হবে, পরে ধাপে ধাপে আরও খেলা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

শিক্ষার্থীদের মূল্যায়ন হবে তাত্ত্বিক ও ব্যবহারিক—দুই দিক থেকেই। তবে মাঠে সক্রিয় অংশগ্রহণই মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।

 

আমিনুল হক বলেন, বর্তমানে অনেক শিশু স্কুল শেষে অতিরিক্ত সময় ডিজিটাল ডিভাইসে কাটায়। এই প্রবণতা কমিয়ে তাদের মাঠমুখী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা গেলে মাদকমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

পরিকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। জানান, দেশের ৪৯৫টি উপজেলায় খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।