Image description

টলিপাড়ায় নেমে এলো শোকের ছায়া। রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে নামেন অভিনেতা। সেই সময় আচমকাই তিনি তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি, পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হয়।

 

ধারাবাহিকে তার সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারকে জানিয়েছেন, শুটিং শেষে ইউনিটের সদস্যরা মধ্যাহ্নভোজে যান। সেই সময় রাহুল আরও কিছু শট শেষ করবেন বলে সেটে থেকে যান। এরপরই ঘটে এই দুর্ঘটনা।

 

ভাস্কর বলেন, ‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে ওর। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আমরা কেউই ভাবতে পারছি না, একজন সুস্থ, তরতাজা মানুষ এভাবে চলে যেতে পারেন।’

 
 

 

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। তবে সেভাবে সফলতা ধরে রাখতে না পারায় ব্যস্ত হয়ে যান ছোট পর্দা নিয়ে। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।