নাটোরে হঠাৎ করেই হামের সংক্রমণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নাটোর সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৫ শিশু ভর্তি হয়েছে। তবে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (২৯ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটোর জেলায় হামের প্রতিষেধক টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে ৫ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা হাসপাতালে রয়েছে।
তিনি আরও বলেন, গরমের কারণে শিশুদের শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে, তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মমতো টিকা নিলে হাম প্রতিরোধ করা সম্ভব। তবে কারও শারীরিক অবস্থা গুরুতর হলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেন তিনি।