Image description

দেশে অগ্রাধিকার ভিত্তিতে গম হারভেস্টার যন্ত্র এবং স্যালোইঞ্জিন চালিত সেচ পাম্পে ডিজেল সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। এছাড়াও নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের জন্য প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হচ্ছে। 

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ফিলিং স্টেশন মালিক,  রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
 
কৃষি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল সরবরের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের স্বাক্ষরিত প্রত্যায়ন প্রদান করা হবে। 

জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
 
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ক্যাব মেহেরপুর জেলা কমিটির সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।