বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ কীভাবে নির্ধারিত হচ্ছে, তা খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মিটারের ভেতরের প্রোগ্রাম ও সেটিংস পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে যে মাসিক ‘মিটার চার্জ’ কেটে নেওয়া হয়, সেটি কী প্রক্রিয়ায় নির্ধারিত হচ্ছে—তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মিটারের ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রাম কীভাবে কাজ করে এবং এর ভেতরে কী ধরনের সেটিংস রয়েছে, সেগুলোও যাচাই করা হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, প্রিপেইড মিটারের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে— এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মিটারের প্রোগ্রামিং ও কার্যপদ্ধতি পরিষ্কারভাবে বোঝা গেলে এই চার্জের যৌক্তিকতা যাচাই করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় সমাধান বের করা যাবে।