গাজীপুরের কাশিমপুরে অপহরণকারীদের ধাওয়া দিয়ে চোখ বাঁধা অবস্থায় মতিন নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সারদাগঞ্জ এলাকায় অন্য একটি মামলার আসামিকে ধরতে গিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার ফেলে তিন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালায়। তাদের আচরণে সন্দেহ হলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান দ্রুত গাড়ি থামিয়ে তাদের পিছু নেন। তবে ধাওয়া করেও তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে পুলিশ সদস্যরা ফেলে রাখা ঢাকা মেট্রো-গ ২১-২৯৫২ নম্বরের প্রাইভেটকারটির কাছে ফিরে এসে ভেতরে এক ব্যক্তিকে চোখ ও হাত বাঁধা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে গাড়ির দরজা খুলে তার হাত ও চোখের বাঁধন খুলে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মো. মতিন গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা।
তিনি জানান, শুক্রবার সকালে বাগবাড়ী এলাকায় একা থাকা অবস্থায় পাঁচজনের একটি দল তাকে জোরপূর্বক অপহরণ করে। তারা তার চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। পরে দলের দুজন চলে গেলে বাকি তিনজন তাকে নিয়ে সারদাগঞ্জের সারাবো এলাকায় অবস্থান নেয়। এ সময় অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা মতিনের শ্যালিকার মোবাইল নম্বরে ফোন করেও একই পরিমাণ টাকা দাবি করে।
তবে কেন বা কারা তাকে অপহরণ করেছে, সে বিষয়ে ভুক্তভোগী স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। মতিন আরও জানান, অপহরণকারীদের সবার মুখে মাস্ক থাকায় কাউকেই শনাক্ত করতে পারেননি।
ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে সন্দেহ হওয়ায় ফেলে রাখা গাড়ি তল্লাশি করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।