Image description

রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসের টানা ৩৭ দিনের ছুটি শেষে আগামী শনিবার (২৮ মার্চ) খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয় । এদিন থেকে সারাদেশের সব বিদ্যালয়ে ক্লাস শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ছুটি শেষে ২৯ মার্চ রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিখন ঘাটতি পোষাতে সাপ্তাহিক ছুটি বাতিল করায় শনিবার থেকেই ক্লাস হবে। ফলে একদিন আগেই খুলছে বিদ্যালয়গুলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী—এবার রোজার ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী- ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে। ২৭ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। আর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হওয়ায় এদিন থেকে শুরু হচ্ছে ক্লাস।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী-ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

এ দিনগুলোতে যথারীতি ক্লাস নেওয়া হবে। এর মাধ্যমে ছুটির কারণে ক্লাস কম হওয়ায় যে শিখন ঘাটতির সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শীর্ষনিউজ