Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হক। তিনি বলেন ‘তথ্যগত বিভ্রান্তি বা আমার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূর্বের বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে এ দুঃখ প্রকাশ করেন তিনি ।

পোস্টে তিনি বলেন,  সম্প্রতি জাইমা রহমানের ফুটবল অনুরাগ এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে দেওয়া একটি আলোচনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমিনুল হক বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিভা তুলে ধরা। এটি ছিল তার ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা, যার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তবে কিছু ক্ষেত্রে বক্তব্যটি অপব্যাখ্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, তার বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা বিভ্রান্তিকরভাবে প্রচার না করার জন্য।

 

উল্লেখ্য, সম্প্রতি একটি আলোচনায় আমিনুল হক স্মৃতিচারণ করতে গিয়ে জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন দারুণ ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে চেলসির বয়সভিত্তিক দল থেকে ডাক পেয়েছিলেন। তবে পরিবার তাকে পেশাদার ফুটবলের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন, যার প্রেক্ষিতেই এ স্ট্যাটাস দিলেন তিনি।