ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্ব দেন গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সী (৬৫) ও অপর পক্ষের নেতৃত্ব দেন একই গ্রামের কামরুল মিয়া (৪৫)। বৃহস্পতিবার রাত নয়টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর পর গ্রামের দুই পক্ষই ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে রাত ১২টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতার হোসেন বলেন, ‘গোপীনাথপুর গ্রামের সংঘর্ষে আহত রুমা বেগম (৪০) ও মাসুদ হোসেন (৩৪) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সী ও কামরুল মিয়ার মধ্যে আগে থেকেই বিরোধ চলছে। পাশাপাশি তারা পরস্পর ঘনিষ্ঠ আত্মীয়। বৃহস্পতিবার প্রথমে দুই পক্ষের কথা-কাটাকাটি ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।’
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক।