ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বগুড়ার সান্তাহারে দুর্ঘটনায় পড়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের জন্য ওই রুটে ট্রেন চলাতে বিলম্বে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে বড়সড় ভোগান্তিতে আছেন ওই রুটের যাত্রীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটির সময় দেওয়া হয়েছে বিকেল ৪টা ৫০ মিনিটে। অন্যদিকে শিডিউলে থাকা সেই নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটিকে পিছিয়ে সকাল ১০টা ১০ মিনিট দেওয়া হয়েছিল। কিন্তু পরে সেটির সময় তুলে নেওয়া হয়। অর্থাৎ এই ট্রেন কখন ছাড়বে সেটি এখন অজানায় রয়েছে।
৪ নম্বর প্লাটফর্মের নীলসাগর এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মাহফুজুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি আব্দুল্লাহপুর এলাকায় একটি গার্মেন্টে কাজ করি। আজ থেকে ৯ দিনের ছুটি শুরু হয়েছে। আমি যাবো সৈয়দপুর। গত ১৪ তারিখেই টিকিট কেটে রেখেছি।
অনিশ্চয়তা নিয়ে তিনি বলেন, আমি সেই পৌনে ৬টার দিকে স্টেশনে এসেছি। এখন সাড়ে ১০টা বাজে। কতক্ষণ অপেক্ষা করতে হবে, জানি না। দুপুর পর্যন্ত অপেক্ষা করে অন্য কোনো চিন্তা করবো। যদি আগামীকাল ঈদ হয়, তাহলে ঈদ তো রাস্তায়ই কেটে যাবে।