শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিক নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ চাদ দেখা গেলে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু জ্যোতির্বিজ্ঞান ও ভৌগোলিক বিশ্লেষণ বলছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। অমাবস্যার পর প্রতিপদ শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল ৭টা ২৭ মিনিটে বাংলাদেশ সময় শুরু। এ সময়ে সূর্য আকাশে থাকার কারণে নতুন চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয়। ফলে দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপন হবে পরদিন, শনিবার (২১ মার্চ)।
জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, নতুন চাঁদের জন্মমুহূর্ত একই সময়ে ঘটে, তবে তা সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় না। খালি চোখে চাঁদ দেখতে হলে নির্দিষ্ট বয়স, সূর্য থেকে কৌণিক দূরত্ব এবং সূর্যাস্তের পর দিগন্তের ওপর উচ্চতায় থাকা প্রয়োজন। সাধারণত পশ্চিম আকাশে সূর্যাস্তের পর চাঁদ প্রথম দেখা যায়।
ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) সকাল ৮টা ১৭ মিনিটে অমাবস্যা শুরু হয় এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টা ২৭ মিনিটে শেষ হয়। এরপর প্রতিপদ শুরু হয় এবং ২০ মার্চ (শুক্রবার) রাত ৪টা ২৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। অর্থাৎ ২০ মার্চ থেকে চাঁদের দ্বিতীয় দিন শুরু হবে এবং সন্ধ্যায় দেশের যেকোনো স্থান থেকে দ্বিতীয়ার চাঁদ দেখা যাবে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।
ভৌগোলিক বিশ্লেষক অধ্যাপক ড. মো. আব্দুর কাদের বলেন, “নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ পর্যন্ত গড়ে ২৯ দশমিক ৫ দিন লাগে, যা সিনোডিক মাস হিসেবে পরিচিত। নাসার তথ্য অনুযায়ী, এই মাসের দৈর্ঘ্য ২৯ দিন ১২ ঘণ্টা ৪৪ মিনিট ৩ সেকেন্ড।”
এই হিসাব অনুযায়ী চন্দ্রবর্ষ ৩৫৪–৩৫৫ দিন হয়, যা সৌরবর্ষের চেয়ে প্রায় ১১ দিন কম। তাই প্রতিবছর ঈদের তারিখ ১০–১১ দিন এগিয়ে আসে।
বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থিত। স্থানীয় সময়ের পার্থক্যের কারণে সৌদি আরবে চাঁদ বাংলাদেশ থেকে একদিন আগে দেখা যায়। সৌদি আরবে ১৮ মার্চ চাঁদ দেখা যায়নি, ফলে সেখানে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ ঈদ উদযাপন করা হবে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০ মার্চ বাংলাদেশে দ্বিতীয়ার চাঁদ দেখা যাবে এবং ২১ মার্চ দেশে ঈদ উদযাপন হবে। তুরস্ক ও সিঙ্গাপুরও পূর্বেই ২০ বা ২১ মার্চের জন্য ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
বিশ্লেষকরা মনে করেন, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে এক দিনের পার্থক্য কমানো সম্ভব। তবে শরীয়তে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর গুরুত্ব দেয়ায় বাংলাদেশে ঈদ সাধারণত সৌদি আরবের এক দিন পরে উদযাপিত হয়।
শীর্ষনিউজ