Image description

এবার খুলনায় ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ২নারী সহ ৪ জনকে গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে লবনচরার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালালনগরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান (৫২, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাইছুল ইসলাম (২৪) ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘরে থাকা পরিবারের ৪জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গুলিবিদ্ধ ফাহিমা বলেন, তার সাবেক স্বামী ইমরানের সাথে ৭-৮ মাস আগে তালাক হয়ে যায়।

তার পর নতুন করে বিয়ে হয়। সেই শ্বশুর বাড়িতে সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমের মধ্যে এলোপাতাড়ি গুলি করেন। এতে আমি নিজে সহ আমার শ্বশুর কাজী আনিসুর রহমান, শ্বাশুড়ী ও ভাসুর গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ কাজী আনিসুর রহমান বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম।

ঘুমের মধ্যে এসে ৪ জনকে গুলি করেছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমা’র পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের গ্রেফতারে বিভিন্ন অভিযান চলছে।