Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে ইউনিয়ন পরিষদের পাশের কাশিম বাজারের স্থানীয় তিন ব্যবসায়ীর গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী কাশিম বাজারে ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদামে অবৈধভাবে সরকারি চাল মজুদ করা হয়েছিল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়।

 

জব্দকৃত চালের মধ্যে খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তা এবং সাধারণ বস্তায় ভরা চাল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত চালের পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন (৭০০ থেকে ৮০০ বস্তা)। 

 

স্থানীয়দের দাবি, এসব চাল দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির। জনপ্রতিনিধিরা সুফলভোগীদের চাল না দিয়ে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও ওই ইউনিয়নে চাল কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে জানান এলাকাবাসী। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত তিন ব্যবসায়ী দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তি পুলিশ এসব চাল জব্দ করেছে। বস্তার সংখ্যা অনেক হওয়ায় রাতে গণনা সম্ভব হয়নি। আপাতত গুদাম ঘর তিনটি সিলগালা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’