Image description

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম সোহেল (২২)।

আহত নারীর নাম- রেবা (২০)। তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তিনি বরিশালের বাসিন্দা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে পাঠাই ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সোহাগ মারা যায়। আহত নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসে। নির্বিঘ্নে লোকজন এখন বাড়ি যাচ্ছে।

জানা গেছে, টার্মিনালে অবস্থান করা একটি লঞ্চে যাত্রী তোলা হচ্ছিল। এসময় পেছন থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝে পড়ে গুরুতর আহত হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অন্তঃসত্ত্বা নারীসহ আহত দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কোতোয়ালী থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম সোহেল। রেবা নামে একজন অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। আহত নারী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ জানান, আহতদের একজন অন্তঃসত্ত্বা হওয়ায় তার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং লঞ্চ দুটির চালক বা সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠতে গিয়ে পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যেই তিনি পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।