Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষক ও কর্মচারী হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জকসু নেতারা এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণিত বিভাগের অধ্যাপক আবু হানিফ ও তার এক সহকর্মীর পথরোধ করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ নেতাকর্মীরা।

এতে আরও বলা হয়, শিক্ষকদ্বয়ের সঙ্গে অশোভন ও অবমাননাকর আচরণ করা হয় এবং তাদের ‘বহিরাগত’ ও ‘গুপ্ত’ কিনা তা জানতে চাওয়া হয়। একপর্যায়ে তাদের ধাক্কা দেওয়া হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি অধ্যাপকের সহকর্মীর মোবাইল ফোন নিয়ে তা তল্লাশি করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়, একই দিন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর এলাকায় কর্মচারী নিজামকেও মারধর করেন ছাত্রদল নেতাকর্মীরা।

জকসু নেতারা বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জ্ঞানচর্চা ও নৈতিকতার প্রতীক। তাদের সঙ্গে এ ধরনের আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং পুরো শিক্ষাঙ্গনের মর্যাদার ওপর আঘাত।”

তারা আরও বলেন, “ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী ও অসভ্য আচরণের স্থান নেই। শিক্ষকদের হেনস্থা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।”

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান জকসু নেতারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

শিক্ষাঙ্গনে শালীনতা, নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকল ছাত্রসংগঠন ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে জকসু।