চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কন্টেইনার জট নিরসন এবং পোর্টের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের নিলাম কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি মাস জুড়ে ই-অকশন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কন্টেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি হ্রাস, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়মিতভাবে অখালাসকৃত পণ্য নিলামের মাধ্যমে বিক্রি করে। এরই ধারাবাহিকতায় ৩৭৮টি কন্টেইনার পণ্য ই-অকশনের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে ।
এনবিআরের জারি করা বিশেষ আদেশ ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেমস ও গাড়ির যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি। অপরদিকে স্থায়ী আদেশে ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপারসহ আরও নানা পণ্য। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী বিডারদের জন্য মার্চ মাস জুড়ে পণ্য সরজমিন পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে অনলাইনে দরপত্র জমা দেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমস-এর ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ঘরে বসেই অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। তবে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পণ্য খালাস করতে হবে। এনবিআর জানিয়েছে, ই-অকশন-২/২০২৬ এর দরপত্র বাক্স ৩১শে মার্চ ২০২৬ দুপুর ২টায় এবং ই-অকশন-৩/২০২৬ এর দরপত্র বাক্স ৮ এপ্রিল ২০২৬ দুপুর ২টায় খোলা হবে। সংস্থাটি বলছে, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরকে কনটেইনার জটমুক্ত রাখতে এবং বাণিজ্যিক গতিশীলতা বজায় রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য কাস্টমসের ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।