Image description

রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশীগঞ্জের ফরিদ জামান (৬৪)। আহত দুজনের পরিচয় জানা যায়নি।

মরদেহগুলো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। আহতরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মী।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশের মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তুলছিলেন বিদ্যুতের কর্মীরা। ওই সময় অপর একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক জানান, এক মাস ধরে খাঁ পাড়া এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন (তার) বসানোর কাজ চলছে। আজ রোববার ট্রাক থেকে ক্রেন দিয়ে তার নামানোর সময় কোনোভাবে এ ঘটনা ঘটে।