Image description

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক নতুন হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) কর্তৃক পোস্ট করা একটি উদ্ধৃতিতে তাকে বলতে শোনা যায়, “যদি আপনারা আমেরিকানদের হত্যা করেন, পৃথিবীর কোথাও আমেরিকানদের হুমকি প্রদান করেন, তবে আমরা কোনো ক্ষমা বা দ্বিধা ছাড়াই আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব।”

এই হুমকির সাথে সংযুক্ত ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে মার্কিন বাহিনীর হাতে বিভিন্ন যানবাহন এবং স্থাপনা বোমা মেরে ধ্বংস করার কিছু ‘আনক্লাসিফাইড’ (অপ্রকাশিত) দৃশ্য দেখানো হয়েছে।

এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা রিয়াদের কাছে আরও তিনটি ড্রোন ভূপাতিত করার মাধ্যমে আরেকটি হামলা নস্যাৎ করেছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই মন্ত্রণালয় রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি ড্রোন হামলা ঠেকানোর এবং অন্তত ১৫টি ড্রোন ভূপাতিত করার খবর জানিয়েছিল।

অন্যদিকে, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পক্ষ থেকে কুয়েতে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দায়িত্ব পালনরত অবস্থায় কুয়েতের দুই সীমান্ত নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। কুয়েত নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে যে, আজ "ভোরে" ওই দুজনকে হত্যা করা হয়েছে, যদিও তাদের মৃত্যুর সঠিক পরিস্থিতি এবং অবস্থান এখনও স্পষ্ট নয়। নিহত দুই ব্যক্তি হলেন— ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহদ আব্দুল আজিজ আল-মাজমায়েদ। মন্ত্রণালয় তাদের মৃত্যুতে "গভীর শোক ও দুঃখ" প্রকাশ করেছে।

 

সূত্র : আল জাজিরা