Image description

ইসরায়েলি-মার্কিন যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

রোববার (১ মার্চ) মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি।

আমি তাদের সঙ্গে কথা বলব।

"তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল," যোগ করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেল আবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

আল জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক।

ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন। আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।