Image description

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব ইরান যেন না দেয়। জবাবে ইরান বলেছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগে তাদের কোনো সীমা নেই। আব্বাস আরাগচির ভাষায়, ‘আত্মরক্ষার ক্ষেত্রে ইরানের জন্য কোনো সীমা নেই।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের রক্ষা করার অধিকার আমাদের নেই, এটা বলার অধিকার কারও নেই। আমরা যেভাবেই হোক নিজেদের রক্ষা করব। আমাদের জনগণকে রক্ষা করতে, তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কোনো সীমা দেখি না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যা করছে, তা আগ্রাসন। আর আমরা যা করছি, তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনবিসিকে টেলিফোনে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান ‘নির্ধারিত সূচির আগেই’ এগোচ্ছে।

ট্রাম্প বলেন, এটি খুবই সহিংস একটি শাসনব্যবস্থা, ইতিহাসের সবচেয়ে সহিংস শাসনগুলোর একটি। আমরা শুধু নিজেদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য কাজ করছি। সবকিছু নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে। তিনি আরও বলেন, এ মুহূর্তে পরিস্থিতি খুব ইতিবাচকভাবে এগোচ্ছে, খুবই ইতিবাচকভাবে।

রবিবার সকালে ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার মার-আ-লাগো বাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।