Image description

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা চালানোর যুক্তরাষ্ট্রের অভিযোগ সোমবার অস্বীকার করেছে বেইজিং। তারা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যায়িত করে জানায়, ওয়াশিংটন নিজস্ব পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার অজুহাত তৈরি করছে।

শুক্রবার জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী থমাস ডিন্যানো অভিযোগ করেন, চীন এসব পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ২০২০ সালের ২২ জুন একটি পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল বলে তিনি দাবি করেন এবং বলেন, চীন বড় মাত্রার বিস্ফোরণক্ষমতা নিয়ে আরো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

 

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সরাসরি মিথ্যা। নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য অজুহাত বানানোর যুক্তরাষ্ট্রের চেষ্টার তীব্র বিরোধিতা করে চীন।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘তাৎক্ষণিকভাবে তার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করতে’ আহ্বান জানানো হয়।

অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন মস্কো ও বেইজিংয়ের সঙ্গে ‘সমান ভিত্তিতে’ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে।

তবে তিনি কী ধরনের পারমাণবিক পরীক্ষা পুনরায় চালু করতে চান, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

 

ডিন্যানোর মন্তব্য আসে এমন এক সময়, যখন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়ে একটি নতুন মার্কিন পরিকল্পনা উপস্থাপন করছিলেন। এর লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্রের ওপর নতুন সীমা নির্ধারণ করা। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশগুলোর শেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে।

 

চীন ইতিমধ্যে ‘এই পর্যায়ে’ নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।