প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা সমাধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভলান্টিয়ার প্রতিনিধি নিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। যারা বিভিন্ন দেশের দূতাবাস বা হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবা ও সমস্যা নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানান তিনি।
শফিকুর রহমান বলেন, আমরা প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে। যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করবে।
প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, প্রবাসী ভাই ও বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল থেকে দূরে থেকেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জেল-জুলুমের শিকার হয়েছেন। ত্যাগ স্বীকার করেছেন। ইতোমধ্যে আপনারা ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতি ইতিহাস রচনা করেছেন।
এ সময় আগামী দিনের দেশ গড়ার এই অভিযাত্রায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।