ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ ধরনের কোনো আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত করা লিখিত বক্তব্যে লাভরভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে এবং চাপ কমাতে মস্কো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
রাশিয়ার শীর্ষ এই কূটনীতিকের ভাষ্য, সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি পশ্চিম এশিয়া অঞ্চলসহ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলবে। তিনি আরও সতর্ক করে বলেন, বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ‘২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসন’ পুনরাবৃত্তি করা হলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
একইদিনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ক্রেমলিনও। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে রাশিয়া তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
পেসকভ জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ নিয়ে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়ে আসছে মস্কো, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে এবং বিভিন্ন পক্ষের উদ্বেগ কমানোর সম্ভাব্য পথ হিসেবে রাশিয়া তার সহযোগিতার প্রস্তাব দিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে রাশিয়া এবং সংঘাত উসকে দেওয়ার পরিবর্তে উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
সূত্র: প্রেস টিভি