কখনো ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াবে, সেটা হয়তো কল্পনাতেও ভাবেননি। কাজ করেছেন চামড়ার কারখানায়, করেছেন ওয়েল্ডিংও! আইনজীবী প্রতিষ্ঠানের সহকারী হিসেবে রুটিরুজির ব্যবস্থা করেছেন। সেই মোহাম্মদ আব্বাসই এখন পাকিস্তানের জয়ের নায়ক। ২০২৬ সালে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সব দলের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এই আব্বাসই!
রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে ৬ উইকেট নিয়েছেন আব্বাস। চলতি বছর পাকিস্তানের শেষ টেস্টও এটি। আর তাতেই আব্বাস পৌঁছে গেছেন অন্য এক উচ্চতায়। এই বছর এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সব দলের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন তিনি।
৮ টেস্টের ১৪ ইনিংসে আব্বাসের শিকার ৩৯ উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের জশ টাংয়ের চেয়ে ৬ উইকেট বেশি। তালিকার পরের দিকে আছেন মিচেল স্টার্ক, ৬ টেস্টে ৩২ উইকেট।
চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি বলও করেছেন তিনি। ৮ টেস্টের ১৪ ইনিংসে ১৮৪৭টি বৈধ ডেলিভারি। পেসার ও স্পিনার মিলিয়ে সবার ওপরে। দ্বিতীয় স্থানে জশ টাং (২০২ ওভার), তৃতীয় হাসান মাহমুদ (২০১.৪ ওভার)।
সাবেক পাকিস্তান অধিনায়ক সালমান বাট তাকে পরিচয় করিয়ে দিয়েছেন ‘পাকিস্তানের বোলিং মেশিন’ হিসেবে। বাটকে আব্বাস জানিয়েছেন, তার বোলিংয়ের অনুপ্রেরণা গ্লেন ম্যাকগ্রা, শন পোলক ও মোহাম্মদ আসিফ।
এতেই বুঝা যায়, গতির প্রতিযোগিতায় না গিয়ে ম্যাকগ্রাদের মতো লাইন ও লেংথে মনোযোগ দিয়েছেন আব্বাস। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মন্থর পিচে বোলিং করতে গিয়েই তৈরি হয়েছে এই ধৈর্য। জাতীয় দলের হয়েও ১২৫-১৩০ গতির বোলিংয়েই পেয়েছেন সাফল্য।
এ বছর পাকিস্তানের পেসাররা টেস্টে নিয়েছেন ১১৮ উইকেট। ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। গত দুই দশকে এক বছরে পাকিস্তানের পেসারদের এটাই সর্বোচ্চ উইকেট। ১২ জন পেসার মিলে এই কীর্তি গড়েছেন। অথচ দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি খুররম শাহজাদের শিকার ৪ টেস্টে ১৮ উইকেট।