Image description

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে স্পিকার পদে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই কংগ্রেসম্যানকে স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনীত করেন ডেমোক্র্যাট সদস্যরা। মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কয়েক সপ্তাহ পর এ মনোনয়ন পেলেন তিনি।

ভোট শেষে সমর্থন দেওয়ায় দলের সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন জেফরিস। সেখানে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব। আর মার্কিন জনগণের জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটাব।’

তবে জেফরিসের নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। বুধবারের ভোটের আগে দলের সদস্যদের আনুষ্ঠানিক ভোটে অংশ নিতে বাধ্য করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। নতুন নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট সদস্য জেফরিসকে সমর্থন করবেন কি না, তা জানাতে অস্বীকৃতি জানান। তাদের কেউ কেউ নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাহসী ও জনমুখী নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব চান।

ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড ছিলেন জেফরিসের বিরোধিতাকারীদের অন্যতম। তিনি ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধ এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে নির্ধারিত নির্বাচনী অর্থায়নব্যবস্থায় সংস্কারের নিশ্চয়তা না পেলে জেফরিসকে ভোট দেবেন না বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, ‘স্পিকার জেফরিস যদি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের দেশের আইন, বিশেষ করে লেহি আইন কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ না হন এবং এই সংকটের মূল কারণ সিটিজেনস ইউনাইটেডের বিষয়টি সমাধানে উদ্যোগী না হন, তাহলে তিনি আমার ভোট পাবেন না।’

ইসরায়েল নিয়ে অবস্থান এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) মতো ইসরায়েলপন্থী লবিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কের কারণে ডেমোক্র্যাটদের একাংশের সমালোচনার মুখেও পড়েছেন জেফরিস। মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে ‘নাটকীয় পরিবর্তন’ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে কথা বলেন তিনি।

বুধবারের ভোটে অবশ্য ডেমোক্র্যাটদের ব্যাপক সমর্থন পেয়েছেন জেফরিস। দলের ককাসের ২৫১ সদস্য তাঁর পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১ জন।

বিরোধিতাকারীদের মধ্যে নবনির্বাচিত সাত ডেমোক্র্যাট সদস্য ছিলেন। তাঁরা হলেন নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ের, নিউ জার্সির অ্যাডাম হামাউয়ি, টেক্সাসের ফ্রেডরিক হেইনস, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি, পেনসিলভানিয়ার ক্রিস র‍্যাব এবং নিউইয়র্কের ক্লেয়ার ভালদেজ।

এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, ‘মেডিকেয়ার ফর অল’ চালু, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর কর্মকাণ্ড বন্ধ, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানো এবং গাজায় গণহত্যা বন্ধের মতো বিষয়ে জেফরিসের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়ায় তারা তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন।

অন্যদিকে, অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য তার মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে তাকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘স্পিকার মনোনীত হাকিম জেফরিসকে অভিনন্দন।’

এর আগে ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি দায়িত্ব হারানোর পর তাকে স্থলাভিষিক্ত করতে জেফরিসকে মনোনীত করেছিল ডেমোক্র্যাটরা। তবে সেবার তিনি স্পিকার হতে পারেননি। বর্তমানে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক জনসন। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন পূর্ণ প্রতিনিধি পরিষদে ভোটের মাধ্যমে নতুন স্পিকার নির্বাচিত হবেন। ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের নতুন অধিবেশন শুরু হলে জনসনের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন জেফরিস।