Image description
চীনের গবেষকরা এমন এক মহাকাশযানব্যবস্থার কথা বলেছেন, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তের লক্ষ্যবস্তুর দিকে দ্রুত যাত্রা শুরু করা সম্ভব হতে পারে। কক্ষপথে ৪০টি মহাকাশযান অবস্থান করলে নির্দেশ পাওয়ার পর যাত্রা শুরুর উপযুক্ত সময়ের জন্য সর্বোচ্চ আড়াই মিনিট অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যেই লক্ষ্যের দিকে ছুটে যেতে পারবে এসব মহাকাশযান।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, চীনের ৪০টি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান কক্ষপথে এমনভাবে অবস্থান করতে পারে, যাতে পৃথিবীর প্রায় যেকোনো স্থানে যাওয়ার জন্য সর্বোচ্চ আড়াই মিনিট অপেক্ষার পরই কোনো একটি যান পৃথিবীর দিকে নামতে শুরু করতে পারে। চীনা গবেষকদের নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।
 
গবেষণাটি করেছেন চীনের শিয়ানভিত্তিক নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির স্কুল অব অ্যাস্ট্রোনটিকসের দু চংরুই ও তার দল। গত ৩০ অক্টোবর গবেষণাটি পিয়ার-রিভিউড চীনা সাময়িকী Acta Aeronautica et Astronautica Sinica-তে প্রকাশিত হয়।
 
 
 
গবেষণায় ৪০টি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানের একটি সম্ভাব্য কক্ষপথভিত্তিক ব্যবস্থা বা ‘অরবিটাল কনস্টেলেশন’ নিয়ে কম্পিউটার সিমুলেশন করা হয়েছে। এতে দেখা গেছে, পৃথিবীর যেকোনো নির্দিষ্ট স্থানের দিকে যাত্রা শুরুর উপযুক্ত সুযোগ পেতে সর্বোচ্চ অপেক্ষার সময় হতে পারে আড়াই মিনিট। বিশ্বের অধিকাংশ জনবসতিপূর্ণ অঞ্চলের ক্ষেত্রে এ অপেক্ষার সময় প্রায় এক মিনিটে নামিয়ে আনা সম্ভব।
 
তবে এই এক থেকে আড়াই মিনিট মহাকাশযানের গন্তব্যে পৌঁছানোর সময় নয়। কক্ষপথে থাকা কোনো যান নির্দিষ্ট স্থানের দিকে পৃথিবীতে ফিরে আসার যাত্রা শুরু করার উপযুক্ত অবস্থানে পৌঁছাতে যতটা সময় অপেক্ষা করতে পারে, গবেষণায় সেই সময়ের হিসাব দেয়া হয়েছে। পুরো ফলাফলই কম্পিউটার সিমুলেশনের ওপর ভিত্তি করে তৈরি।
 
গবেষকদের মতে, এ ধরনের ব্যবস্থা দ্রুত পরিবহন ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়ার কাজে সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর সামরিক প্রয়োগ নিয়েও আলোচনা রয়েছে। কক্ষপথে আগে থেকেই অবস্থান করা যান নির্দেশ পাওয়ার পর পৃথিবীর নির্দিষ্ট লক্ষ্যের দিকে নামতে শুরু করতে পারে। এতে লক্ষ্যবস্তুর শনাক্ত করা বা প্রতিরোধের প্রস্তুতি নেয়ার সময় কমে যেতে পারে।
 
প্রতিবেদনটিতে চীনের পরীক্ষামূলক পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান শেনলংয়ের কথাও উঠে এসেছে। গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) প্রকাশিত এক ছবিতে কক্ষপথে থাকা একটি মহাকাশযানের দেখা মেলে। ছবিতে যানটির পণ্য রাখার অংশের দরজা খোলা ছিল। তবে সেটি শেনলং কি না, তা ডিআইএ বা বেইজিং—কেউই নিশ্চিত করেনি।
 
 
ছবিটি ২০২৪ সালের ২৮ মে ম্যাক্সার টেকনোলজিসের ওয়ার্ল্ডভিউ-৩ বাণিজ্যিক স্যাটেলাইটে ধারণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইটটি তখন যানটির ৯০ কিলোমিটারেরও কম দূরত্ব থেকে ছবি তোলে। বর্তমানে স্যাটেলাইটটি ভ্যান্টর পরিচালনা করছে।
 
২০২০ সাল থেকে চীন পরীক্ষামূলক পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান নিয়ে চারটি মিশন পরিচালনা করেছে। সর্বশেষটি উৎক্ষেপণ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। তবে এসব মহাকাশযানের নকশা ও সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ।
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোয়িং এক্স-৩৭বি মহাকাশযানের সঙ্গে শেনলংয়ের বাহ্যিক সাদৃশ্য রয়েছে। এক্স-৩৭বি চালকবিহীন পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান, যা দীর্ঘ সময় কক্ষপথে অবস্থানের পর পৃথিবীতে ফিরে রানওয়েতে অবতরণ করতে পারে।
 
চীন অবশ্য তাদের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান কর্মসূচির লক্ষ্য হিসেবে মহাকাশে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করার কথা জানিয়েছে।