Image description

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শহর দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। স্থানীয় সময় রবিবার সন্ধ্যার পর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্স, ইন্ডিয়া টুডে

এর আগে শনি ও রবিবার দিনের বেলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি বিদ্রোহীরা। এ হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। যদিও হুতিরা জানায়, এ হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এরপর খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যায় তারা দাম্মাম বিমানবন্দরে ফের হামলা চালায়। এ হামলার ফলে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষ। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, দাম্মাম বিমানবন্দর এবং দেশটির তেল কোম্পানি সৌদি আরামকোর দুটি স্থাপনাতে হামলা চালিয়েছেন তারা। রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দাম্মাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী এবং আরব উপসাগরীয় উপকূলের একটি প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র।

এ শহরটি প্রদেশের তেল ও গ্যাসশিল্পের কেন্দ্রবিন্দু এবং এখানে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরটি পূর্বাঞ্চলীয় প্রদেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা এটিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। এদিকে হুতি গোষ্ঠীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারি বলেছেন, ‘সামনের দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও কঠিন হামলা হবে। বিমান পরিষেবা সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং ভ্রমণকারীরা যেন ভবিষ্যতের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক থাকেন।’ হুতিদের তরফ থেকে আরও জানানো হয়েছে, হামলার ক্ষেত্রে তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন।

মধ্যস্থতার প্রস্তাব ইরানের : টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ আয়োজনে সহায়তা করতে তেহরান প্রস্তুত বলেও তাঁকে জানানো হয়েছে।