Image description

কারও বুক খালি হয়েছে স্বামীর নিষ্ঠুরতায়, কারওবা প্রাণ গেছে খোদ সন্তানের আঘাতে, কোথাওবা প্রতিপক্ষের গুলিতে নিহত ‘শীর্ষ সন্ত্রাসী, আবার কোথাও অটোরিকশা ছিনিয়ে নিতে গলা কেটে হত্যা করা হয়েছে অটোরিকশাচালককে। এভাবেই দেশের আট জেলায় আততায়ীর অস্ত্রে ঝরেছে ১১ প্রাণ। তবে শুধু খুন করেই ক্ষান্ত হয়নি খুনিরা, কোথাও করা হয়েছে লাশ টুকরা, কোথাওবা ঘুমন্ত বাবাকে হত্যা করা হয়েছে কুপিয়ে।

সংসারের উন্নতির জন্য জর্ডান গিয়েছিলেন শিরীন বেগম (৪২)। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবরে এসেছিলেন দেশে। তবে সেই প্রবাসজীবনই কাল হলো শিরীনের জন্য। স্বামীর সন্দেহ আর টাকা না পাওয়ার ক্ষোভের জেরে হত্যার শিকার হলেন শিরীন। মধ্যরাতে স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে দেয়ালের সঙ্গে মাথায় আঘাত দিয়ে জীবনপ্রদীপ থামিয়ে দিলেন স্বামী। হত্যার পরও থেমে থাকেননি। গুমের উদ্দেশ্যে বঁটি দিয়ে শিরীনের মরদেহ চার টুকরা করেন স্বামী দুলাল হাওলাদার (৫০)।

শরীর থেকে মাথা ও দুই পা কেটে আলাদা করা হয়। তবে গুম করার আগেই ভবনমালিকের তৎপরতায় দুলালকে ধরে ফেলেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে রান্নাঘরে লুকিয়ে রাখা নিহতের চার টুকরা মরদেহ। গতকাল সোমবার ভোরে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিরীনের শরীর থেকে মাথা ছিল আলাদা করা। দুই পা গোড়া থেকে বিচ্ছিন্ন করা। শরীরে কোনো পোশাক ছিল না।

গ্রেপ্তার দুলালের বরাতে তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আতিকুল ইসলাম বললেন, রাতে শব্দ পেয়ে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে হত্যা

সিলেট নগরের নগরের কাস্টঘর সুইপার কলোনিতে স্ত্রীর ছবি তুলছিলেন এক ব্যক্তি। বাধা দেন পরিচ্ছন্নতাকর্মী হৃদয় কুমার হরিজন (৩৫)। এই ক্ষোভে দলবল নিয়ে এসে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গত রবিবার রাত ৮টার দিকে ঘটে এ ঘটনা।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানালেন, হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মোবাইল ফোনে কল করে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুরে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলে আটক

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় হাবেল উদ্দিন নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিজ ঘরে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করেন তারই ছেলে সাহাবুল ইসলাম। হত্যাকাণ্ডের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। বাবার গালাগালির ক্ষোভ থেকেই এ কাণ্ড বলে দাবি তার। গতকাল দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে।

শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ৯ মাসের অন্তঃসত্ত্বা সীমা রানী দাসকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত স্বামী উদ্ভব চন্দ্র দাস। খাটে শুয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় সীমাকে। পরে ৯৯৯-এ ফোন করে নিজেই পুলিশের কাছে ধরা দেন স্বামী। রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে ঘটে এ ঘটনা।

একই উপজেলার উজিলাব এলাকায় সবুজ মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে পুকুরপাড়ে বাঁশের মাচার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত সবুজ মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। নিহতের স্ত্রী সাবিনা আক্তারের ভাষ্য, তার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। স্বামীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জে গুলিতে নিহত ‘শীর্ষ সন্ত্রাসী’

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনিতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলী। গতকাল সন্ধ্যায় ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে তিনটি গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি, নারী ও শিশু নির্যাতনের একটি, সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার তিনটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের ছদ্মবেশে ডাকাতির দুটি মামলা রয়েছে।

অন্যদিকে রূপগঞ্জের রূপসী এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী সদর উপজেলার দুর্গানগর গ্রামে মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন কামাল হোসেন (৪৫)। জুয়া খেলার আসক্তি নিয়ে বিচ্ছেদ ঘটেছিল আগেই। তবে সাবেক স্ত্রীকে উত্ত্যক্তের জেরে রাতে ঘুমন্ত কামালের ওপর চওড়া হয় সাবেক স্ত্রীর পরিবার। সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্যকলহের জেরে ঐশী আক্তারকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহেল খানের বিরুদ্ধে। চার দিন আগে মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় তাকে। তিন মাসের সন্তান রেখেই হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহেলকে আটক করেছে।

রাজশাহীতে আলাদা ঘটনায় বৃদ্ধাসহ খুন দুজন
রাজশাহী নগরীর কেদুর মোড় এলাকার বাসা থেকে বেলী খাতুন (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। রবিবার রাতে উদ্ধার করা হয় বেলী খাতুনের লাশ। তিনি বাড়িতে একাই থাকতেন। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলেমেয়ে দেশের বাইরে থাকেন। অন্যদিকে পবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন আসবাবপত্র ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪৫)।