রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন ৫ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সরু গলি, পানির স্বল্পতা ও প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। সেখানে বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। প্রতিটি গুদামই তালাবদ্ধ। তালা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভাতে সময় লাগছে।
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা শাহজাহান হোসেন ইউনিটের সংখ্যা বাড়িয়ে দশটি করার তথ্য জানান।
তিনি বলেন, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।
বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ওই বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকাল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নির্বাপণ শুরু করে।
আগুন লাগার কারণ, কেউ হতাহত হয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।