Image description

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশসহ কিছু বিষয়ে সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এই ধরনের কাজের পরিণতিতে সৌদি আরবে শাস্তির সম্মুখীন হওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমানস সংঘাতের মধ্যে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার থেকে দুই দফায় হামলা এবং দুই বাংলাদেশির মৃত্যুর প্রেক্ষাপটে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দিয়েছে, যা আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জরুরি এই বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন

এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত যেকোনো নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করতে অনুরোধ করা হয়।

এতে বলা হয়, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান-প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

তাই মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি-সংক্রান্ত যেকোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ প্রবাসীদের।

জরুরি প্রয়োজনে বা যেকোনো তথ্যের জন্য রিয়াদের বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

নম্বরগুলো হলো- ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত), ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত), ৮০০১০০০১২৪ (ডিপ্লোম্যাটিক উইং সংক্রান্ত), +৯৬৬৫৭০২১২১৮০ (মৃত্যু সংক্রান্ত হটলাইন নম্বর)