Image description
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বিরোধের জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।
 
বিষয়টি সোমবার (১২ অক্টোবর) স্টার নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান।
 
রোববার রাতে মহানগর বিএনপির দলীয় প্যাডে পদ স্থগিতের চিঠি হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া হয়।
 
চিঠিতে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান। সাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির আহ্বায়কের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
 
আর পদ স্থগিত করা দুই নেতা হলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ আনজুম আহমেদ রিফাত।
 
এর আগে ৬ অক্টোবর জেলা আইনজীবী সমিতি ভবনের দোতলায় সাখাওয়াত হোসেন খানের সঙ্গে অসদাচরণের অভিযোগে আনোয়ার প্রধান ও শেখ আনজুম আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। আনোয়ার প্রধানের জবাব সন্তোষজনক না হওয়ায় তার পদ স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। শেখ আনজুম আহমেদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
 
এ বিষয়ে আনোয়ার প্রধান বলেন, আমাকে যারা অন্যায়ভাবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করল, তাদের বিচার বিএনপির সকল নেতাকর্মীদের কাছে দিলাম। নিশ্চয়ই আমি এই বিষয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান বরাবর আপিল করব।
 
মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান বলেন, মহানগর কমিটি চাইলে কমিটির অন্য সদস্যের পদও স্থগিত করতে পারে। আনোয়ার প্রধান মারমুখী হয়ে মহানগর বিএনপির আহ্বায়ককে অবরুদ্ধ করে রেখেছেন, এটা প্রমাণিত। আনোয়ারকে দল থেকে বহিষ্কারের জন্য চেয়ারম্যান বরাবর সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন, শেখ আনজুম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজে আনজুম আহমেদকে সেখানে দেখেছেন এবং এ বিষয়ে ভিডিও ফুটেজও রয়েছে।