Image description

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার কয়েক দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল মিসর। দেশটির গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল নেতানিয়াহুর দপ্তরে ফোন করে এ সতর্কবার্তা দেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবরের আগে মিসর অন্তত তিন দফায় ইসরায়েলকে সতর্ক করেছিল। এর মধ্যে দ্বিতীয় সতর্কবার্তা দিতে সেপ্টেম্বরের শেষ দিকে ইসরায়েল সফর করেন কামেল। সে সময় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, গাজার পরিস্থিতি ভয়াবহ এবং যেকোনো সময় তা বড় সংকটে রূপ নিতে পারে।

 
 

তবে ইসরায়েলি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাকে আশ্বস্ত করেন। এরপরই হামলার কয়েক দিন আগে নেতানিয়াহুর দপ্তরে ফোন করা হয়। এমনকি হামলার দুই দিন আগ পর্যন্তও কায়রো থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 
 

তবে কোনো সতর্কবার্তাতেই হামলার নির্দিষ্ট সময় বা আকারের তথ্য ছিল না।

 

এর আগে জুনেও মিসর গাজা পরিস্থিতির অস্থিরতা নিয়ে ইসরায়েলকে সতর্ক করে হামাসের সঙ্গে জিম্মি-বন্দি বিনিময় আলোচনা পুনরায় শুরুর পরামর্শ দিয়েছিল।

সম্প্রতি আরেক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও সেপ্টেম্বরের শেষ দিকে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।

তবে নেতানিয়াহু মিসর বা আমিরাত কোনো পক্ষের কাছ থেকেই আগাম সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য তিনি ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোকে দায়ী করে আসছেন।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই তিনি মিসর ও আমিরাতের সতর্কবার্তার কথা জানতে পেরেছেন। এসব তথ্য আগে জানলে নিরাপত্তা কর্মকর্তারা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল