মুম্বাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অনুষ্ঠানের আগে ভেন্যুতে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে এক ব্যক্তি ও তার দেহরক্ষীকে আটক করে মুম্বাই পুলিশ। এসময় দেহরক্ষীর কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তা মহড়ার সময় মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (বিকেসি) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) এ ঘটনা ঘটে। সেখানে একটি অনুষ্ঠানে মোদির যোগ দেওয়ার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে পরিচয় যাচাইয়ের পর পুলিশ জানতে পারে, তার পরিচয়পত্র ভুয়া।
মুম্বাই পুলিশ বলেছে, সোমবারের এই ঘটনার সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির মুম্বাই সফরের কোনো সম্পর্ক নেই। এরপরও প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভুয়া পরিচয়পত্র ও বন্দুক নিয়ে ওই ব্যক্তিরা অনুষ্ঠানের ভেন্যুতে কেন ঢোকার চেষ্টা করেছিলেন এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মুম্বাই সফরে প্রধানমন্ত্রী মোদির গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) ২০২৬ উদ্বোধন করার কথা রয়েছে। চার দিনব্যাপী এই সম্মেলন বিশ্বের অন্যতম বড় বার্ষিক ফিনটেক সম্মেলন হিসেবে পরিচিত।
সূত্র: এনডিটিভি