ভারতীয় প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়ায় তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুতো। প্রতিষ্ঠানিটির উপস্থিতি দেশের কোনও উপকারে আসছে না উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি অন্যদের দাস?’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কেনিয়া সরকার টাটা কেমিক্যালসের জায়গায় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দুটি কোম্পানিকে নিয়ে আসবে।
এর আগে গত জুলাইয়ের শেষের দিকে কেনিয়া সরকার টাটা কেমিক্যালসের কেনীয় ইউনিটকে তাদের মাগাদি সোডা কারখানার কাজ স্থগিত এবং সোডা অ্যাস রফতানি বন্ধের নির্দেশ দিয়েছিল। রুতো কাজিয়াদো অঞ্চলে টাটা কেমিক্যালসের দীর্ঘদিনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, কোম্পানিটি স্থানীয় শিল্প সক্ষমতা তৈরিতে ব্যর্থ হয়েছে।
রুতো ক্ষোভ প্রকাশ করে বলেন, টাটা কোম্পানির ১০০ বছরের চুক্তি ছিল। কিন্তু তারা কাজিয়াদোতে কিছুই তৈরি করেনি, কোনও কারখানা গড়ে তোলেনি।
নতুন পরিকল্পনা ব্যক্ত করে কেনিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বলেছি নতুন একটি কোম্পানি আনব এবং তাদের কাজিয়াদোতে একটি বড় গ্লাস তৈরির কারখানা স্থাপন করতে হবে। আর আরেকটি কোম্পানিকে কাজিয়াদোতেই কেমিক্যাল তৈরির সুযোগ দেওয়া হবে। আমরা কি অন্যদের দাস?
রুতোর এই সিদ্ধান্ত ও সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, টাটা কেমিক্যালস কেনিয়ায় তাদের ‘মাগাদি সোডা’ ব্যবসা পরিচালনা করে আসছে, যা মূলত সোডা অ্যাস তৈরি করে। কাচ ও অন্যান্য শিল্প উৎপাদনে এই রাসায়নিক ব্যবহৃত হয়। মূলত মাগাদি কারখানার এই কার্যক্রমকে কেন্দ্র করেই সম্প্রতি কোম্পানিটির সঙ্গে কেনিয়া সরকারের বিরোধের সৃষ্টি হয়েছে।