ইরানের ইসলামি শাসনব্যবস্থা আগের যেকোনও সময়ের চেয়ে দুর্বল এবং খুব শিগগিরই এর পতন ঘটতে পারে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে পুনরায় হামলা শুরু করার পর ইসরায়েলি সামরিক বাহিনীর নেতাদের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, এই শাসনব্যবস্থা এখন টলমল করছে। এটি আগের যেকোনও সময়ের চেয়ে দুর্বল এবং অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে।
তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আমরা এই হুমকি চিরতরে দূর করতে পারব। আমাদের সামনে এটিই এখন প্রধান কাজ এবং এটি খুব কাছাকাছি। এটি অসম্ভব নয়, আমাদের হাতের নাগালেই রয়েছে।
ইরানের ধর্মীয় সরকারকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে দেখে আসছেন নেতানিয়াহু। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সামরিক হামলা পুনরায় শুরু করলেও ইরান উপসাগরীয় দেশ, জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে, তবে ইসরায়েলে আক্রমণ করেনি।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে নেতানিয়াহু পিছিয়ে রয়েছেন এবং বিরোধী নেতারা তার বিরুদ্ধে ইরানি হুমকি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ এনেছেন।
এদিকে বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের নতুন প্রচেষ্টা সত্ত্বেও সেনা প্রত্যাহারের সম্ভাবনা বাতিল করে দেন নেতানিয়াহু। তিনি বলেন, পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা পিছু হটছি না, এই অবস্থানেই থাকব। আমরা গাজার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছি এবং থামব না, কারণ যারা আমাদের জন্য হুমকি তাদের আমরা প্রতিদিন নির্মূল করছি।