Image description

সাম্প্রতিক ভোটকোশী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দেশি ও বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নেপাল সরকার। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা তথ্য প্রশাসন বিভাগ ও প্রেস শাখার নির্দেশনা অনুযায়ী, বিদেশি সাংবাদিকদের পাসপোর্ট ও বৈধ ভিসার কপির পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়োগপত্র বা চুক্তিপত্র জমা দিতে হবে। শনিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের  বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। 

তবে তথ্য বিভাগের মুখপাত্র গোবিন্দ প্রসাদ পান্ডে জানিয়েছেন, এটি কোনও নতুন নীতি বা ব্যবস্থা নয়। প্রেস পাস প্রদান করা তথ্য বিভাগের একটি দীর্ঘদিনের নিয়মিত প্রক্রিয়া। ছাপাখানা ও সম্প্রচার সংক্রান্ত প্রবিধান ও কার্যপ্রণালীর অধীনে কাজ করা বিদেশি সাংবাদিকদের জন্য দীর্ঘকাল ধরে একই ব্যবস্থা চালু রয়েছে। বর্তমান বিধানটি কেবল অব্যাহত রাখা হয়েছে।

গত বুধবার ভোরে ভোটকোশী নদীতে ভয়াবহ বন্যার পর আন্তর্জাতিক গণমাধ্যমের বহু প্রতিনিধি দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছেছেন।

তথ্য বিভাগ বিদেশি সাংবাদিকদের আরও নির্দেশ দিয়েছে- তাদের নিজ প্রতিষ্ঠানের সুপারিশপত্র এবং সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা নেপালে অবস্থিত দূতাবাস বা কনস্যুলার অফিস থেকে সুপারিশপত্র জমা দেওয়ার জন্য।

একটি সরকারি সূত্র জানিয়েছে, এটি কোনও স্থায়ী নিয়ম নয়। বর্তমান দুর্যোগের সংবাদ প্রকাশ ও কাভারেজ সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদেশি সাংবাদিকদের নিজ প্রতিষ্ঠানের ইস্যু করা পরিচয়পত্র এবং তাদের বেতন ও ভাতাদির বিস্তারিত বিবরণও জমা দিতে হবে। এসব কাগজপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের অনলাইনে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন আবেদন অনুমোদিত হওয়ার পর দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনকারীকে সশরীরে বিভাগে এসে প্রেস প্রতিনিধি সনদ ও সাংবাদিক পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।

তথ্য বিভাগের মুখপাত্র পান্ডে জানান, প্রতিবেদন তৈরির জন্য নেপালে আসা বিদেশি সাংবাদিকদের যেন অপেক্ষা করতে না হয় বা কোনও ধরনের অস্বস্তিতে পড়তে না হয়, সেজন্য সরকারি ছুটির দিনেও অফিস খোলা থাকবে এবং সেবা প্রদান করা হবে।

তিনি আরও জানান, যেসব বিদেশি সাংবাদিক ইতোমধ্যে নেপালে পৌঁছেছেন কিন্তু প্রেস পাস পাননি, তাদের সংবাদ সংগ্রহ শুরু করার আগে অবশ্যই একটি পাস সংগ্রহ করতে হবে। কেউ যদি প্রেস পাস ছাড়া রিপোর্ট তৈরি করেন, তবে তা বৈধ বলে গণ্য হবে না এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে ধরে নেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী, নেপালি আবেদনকারীদের প্রেস প্রতিনিধি সনদ বা সাংবাদিক পরিচয়পত্রের জন্য বিভাগের ওয়েবসাইট (www.doib.gov.np)-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নেপালি সাংবাদিকদের নাগরিকত্ব সনদের কপি, গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্যু করা নিয়োগপত্র এবং প্রেস প্রতিনিধি সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানের সুপারিশপত্র জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন বা হালনাগাদের সনদ, অঙ্গীকারনামা এবং নিয়মিত বেতন ও ভাতা পাওয়ার সনদপ্রাপ্ত ব্যাংক বিবরণী জমা দিতে হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশে কর্মরত বিদেশি সাংবাদিকদের তদারকি ও হিসাব রাখার জন্যই মূলত এই নির্দেশনাটি জারি করা হয়েছে।