Image description

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি গঠিত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে দলীয় রাজনীতি নিষিদ্ধ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার (১১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার এ কে এম সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীকে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা বহির্ভূত কর্মকাণ্ড পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণ বিশ্ববিদ্যালয় একটি দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ভর্তির সময় শিক্ষার্থীদের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র, প্রসপেক্টাসেও রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বর্ণনা রয়েছে। ইতিপূর্বেও একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে জানানো হয়।

একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ‘গণ বিশ্ববিদ্যালয় কমিটি’ নামে দলীয় ছাত্র সংগঠনের কমিটি গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২০২৫ সালের ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনীতি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। নির্দেশনার ব্যত্যয় হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গতবছর ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ‘গণ বিশ্ববিদ্যালয় কমিটি’ নামে একটি দলীয় ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার বিষয়ে প্রশাসনের দৃষ্টিগোচর হলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত বিষয়টি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে পুনরায় সকল প্রকার দলীয় রাজনীতি বা তার অঙ্গ সংগঠনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় একটি দলীয় রাজনীতিমুক্ত ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি অর্জনের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব ও সংগঠন। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ।