Image description

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। বুধবারের এই বন্যায় তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে জনপ্রিয় একটি বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি পর্যটক রয়েছেন।

প্রাথমিকভাকে নেপালে পাঁচ শতাধিক পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। নিখোঁজ তালিকার মধ্যে ভারতের ১০০ জনের বেশি, যুক্তরাষ্ট্রের ৫৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং নেপালেরও শতাধিক নাগরিক রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে অন্তত তিনজন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক

অস্ট্রেলিয়া জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় দেশটির ‘বেশ কয়েকজন’ নাগরিক ছিলেন। তবে তাদের মধ্যে কতজন নিখোঁজ, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর জানিয়েছে, কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ ও ট্যুর অপারেটরদের সঙ্গে কাজ করছেন এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।

একটি পর্যটন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জানিয়েছেন, নেপাল-তিব্বত সীমান্তে ভ্রমণে যাওয়া নিখোঁজ ১২ ব্রিটিশ নাগরিকের পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি ‘হাজার হাজার’ মিসড কল পেয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে আগে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ভাড়া করার চেষ্টা করেও তা উড্ডয়ন করানো সম্ভব হয়নি।

ওই প্রতিষ্ঠানের চার নেপালি ট্যুর গাইডও নিখোঁজ রয়েছেন। ব্যবস্থাপক কুমার অধিকারী জানান, সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত গাইডদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ওই সময় তাদের তিব্বতের অভিবাসন দপ্তরে থাকার কথা ছিল। এরপর তাদের ফোন বন্ধ হয়ে যায়।

প্রেস অ্যাসোসিয়েশনের (পিএ) পাওয়া ভ্রমণ নথি অনুযায়ী, নিখোঁজ ব্রিটিশ নাগরিকদের মধ্যে ৬৫, ৬৪ ও ৫২ বছর বয়সী তিন পুরুষ এবং ৪৪, ৪৭, ৫১, ৬০, ৬৩, ৬৩ ও ৬৫ বছর বয়সী সাত নারী রয়েছেন। তাদের নাম প্রকাশ করা হয়নি।

নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে মোট ৩৩ জন ব্রিটিশ নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এছাড়া নেপালের একটি পর্যটন বোর্ড জানিয়েছে, ২৪ জন কানাডীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন।

৫৩ ইউক্রেনীয় নাগরিকও নিখোঁজ

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নেপাল-তিব্বত সীমান্তের আকস্মিক বন্যায় ৫৩ জন ইউক্রেনীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। তবে তাঁদের কেউ নিহত বা আহত হয়েছেন—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

নিখোঁজদের স্বজনদের কাছ থেকে নিয়মিত বার্তা পাওয়ার কথাও জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়েশিয়া: রসুওয়া জেলায় ট্রেকিংয়ে গিয়ে ১৭ জন মালয়েশীয় পর্যটক পানির তোড়ে নিখোঁজ হয়েছেন।

দক্ষিণ কোরিয়া: রসুওয়া জেলায় ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮ জন দক্ষিণ কোরীয় প্রকৌশলী ও শ্রমিক নিখোঁজ আছেন।

ইতালি: ভূখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় ২ জন ইতালীয় নাগরিক তাদের গাইডসহ আটকা পড়ে আছেন, তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্যোগের প্রকৃত মাত্রা ধীরে ধীরে স্পষ্ট হওয়ায় আগামী কয়েক দিনে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।