রাশিয়ায় ইসলামের ১১০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে মস্কো ক্যাথেড্রাল মসজিদে ‘ইসলামিক হেরিটেজ অব রাশিয়া: পিপল অ্যান্ড ট্র্যাডিশনস’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে।
ধর্মীয়, কূটনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। এর লক্ষ্য রাশিয়ায় মুসলমানদের ইতিহাস এবং দেশটির সাংস্কৃতিক পরিচয় গঠনে তাদের অবদান তুলে ধরা।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার মুসলিমদের ধর্মীয় বোর্ডের প্রধান শেখ রাভিল গাইনুতদিন, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, তাতারস্তান প্রজাতন্ত্রের কর্মকর্তারা এবং রুশ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। এতে রাশিয়ায় কোরআন প্রচারের ইতিহাস, লেখার সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য, অলংকার ও কারুশিল্প এবং দেশটির বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের চারুকলা তুলে ধরা হয়েছে।
শেখ রাভিল গাইনুতদিন বলেন, প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ভলগা অঞ্চল, ককেশাস ও সাইবেরিয়াসহ রাশিয়ার বিভিন্ন এলাকার মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এসব নিদর্শনে রুশ মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রতিফলিত হয়েছে।
তাতারস্তানের সংস্কৃতিমন্ত্রী ইরাদা আইউপোভা প্রদর্শনী আয়োজনের প্রশংসা করেন। মস্কোর জাতীয় নীতি ও আঞ্চলিক সম্পর্ক বিভাগের উপপ্রধান কনস্তানতিন ব্লাসেনভ রাজধানীর সাংস্কৃতিক পরিমণ্ডল গঠনে মুসলমানদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মস্কো সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।
প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে রাশিয়ায় ইসলাম ও মুসলমানদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপস্থিতি তুলে ধরা হচ্ছে।