Image description

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঝুঁকির কথা জানিয়েছে কানাডা। একই সঙ্গে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও বহাল রাখা হয়েছে।

জানা যায়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত ১০ আগস্ট ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে কানাডা সরকার। এতে উত্তর আমেরিকার এই দেশটি এখনও বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজনৈতিক উত্তেজনা, বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যেকোনো সময় বিক্ষোভ, সংঘর্ষ ও জনঅস্থিরতা দেখা দিতে পারে।

বিক্ষোভের কারণে হঠাৎ যান চলাচল বন্ধ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং সহিংস সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে বড় ধরনের জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে কানাডা সরকার।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সতর্কতা আরও কঠোর। সেখানে ‘সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার’ পরামর্শ বহাল রয়েছে। এ অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথা উল্লেখ করেছে কানাডা।

বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত কানাডীয় নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ এবং পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ভ্রমণের আগে কানাডা সরকারের ওয়েবসাইটে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, কানাডা সরকার গত বছরের সেপ্টেম্বর ও ডিসেম্বরে দুই দফা বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা জারি করেছিল।