Image description

রতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর প্রধান পরাগ জৈন ঢাকা সফরে এসে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে গোপন বৈঠক করেছেন -এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

 

মূলত দৈনিক আমার দেশ এর নামে চালানো একটি ভুয়া পেইজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে দাবি করা হয়, `ঢাকা ছাড়ার আগে ‘র’ প্রধান পরাগ জৈনের সাথে মোহাম্মদ তাহেরের গোপন বৈঠক।'

 

ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পেইজটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে এবং এই পেইজ থেকে ছড়ানো বিভিন্ন ভুয়া দাবি শনাক্ত করেছে।

তাহেরের সাথে `র’ প্রধানের সাক্ষাতের দাবি সম্বলিত ফটোকার্ডটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে দেখা যায় সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকারকে। তার পোস্টে দেখা যায়, কোনো ব্যাখ্যা ছাড়াই একটি হাসির ইমোজির সঙ্গে তিনি কার্ডটি পোস্ট করেছেন।

 

মুজতবা খন্দকার ইতিপূর্বে একাধিকবার ভুয়া ফটোকার্ড প্রচার করেছেন। গত ১ আগস্ট এনসিপি নেত্রী দিলশানা পারুলের ভুয়া বক্তব্য সম্বলিত ফটোকার্ড পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি। এর আগে ঢাবি শিক্ষক শেহরিন আমিন মোনামির একটি ভুয়া অশ্লীল ছবি পোস্ট করে ব্যাপক বিতর্ক তৈরি করেন তিনি। এনটিভির একটি নির্ভরযোগ্য সূত্র বেঙ্গল লেন্সকে জানিয়েছে, ওই ভুয়া ছবিটি পোস্ট করার কারণে এনটিভিতে শাস্তির সম্মুখীন হন মুজতবা খন্দকার।

Monami

সময় টিভির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুজতবা খন্দকার ২০২৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির হেড অব নিউজ হিসেবে দায়িত্ব নেন।

একই ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ‘Meer Zahan’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও কথিত বৈঠকের দাবি ছড়ানো হয়। ওই পোস্টে সরাসরি বলা হয়, খবরটির উৎস আমার দেশ। তবে বেঙ্গল লেন্সের যাচাইয়ে দেখা গেছে, আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে পরাগ জৈনের কথিত গোপন বৈঠকের এমন কোনো সংবাদও প্রকাশ করেনি।

আমার দেশ এর অ্যাসোসিয়েট এডিটর আলফাজ আনাম বিষয়টি বেঙ্গল লেন্সকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচিত ফটোকার্ডটি তাদের নয় এবং ডা. তাহেরের সঙ্গে পরাগ জৈনের গোপন বৈঠক নিয়ে আমার দেশ এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ব্যাক্তিগত সচিব মাহমুদুর রহমান দিলু বেঙ্গল লেন্স কে জানান, ডা. তাহের এখন দেশের বাহিরে অবস্থান করছেন। তাই তার সাথে ঐ মিটিং হওয়ার প্রশ্নই ওঠে না।

মুজতবা খন্দকারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বেঙ্গল লেন্সকে জানান, আমি আমার দেশের পেইজ থেকে নিয়েছিলাম। এটা যে ভুয়া পেইজ এটা আমি জানতাম না। পোস্ট টা ডিলিট করে দিচ্ছি।