ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশের বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটির চত্বরে একটি শিবলিঙ্গ রয়েছে দাবি করে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে পরিচিত গঙ্গার পানি ছিটিয়ে শুদ্ধীকরণ ও প্রার্থনা করার ঘোষণা দিয়েছে ‘হিন্দু রক্ষা দল’।
গত ৮ আগস্ট এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা ঘোষণা দেন, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একদল কর্মকর্তা ১১ আগস্ট (মঙ্গলবার) হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবেন এবং সেখানে তা নিবেদন করবেন। তার দাবি, দারুল উলুম দেওবন্দের চত্বরে একটি শিবমন্দির রয়েছে। মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল ওই মুসলিম স্থাপত্য।
ভিডিওতে তিনি আরও বলেছেন, ‘তাদের দল এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনের প্রতি তারা দাবি করেছিলেন যেন দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হোক। কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি।’
এদিকে, হিন্দু সংগঠনটির ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: মুসলিম মিরর ও টাইমস অব ইন্ডিয়া